মনে পড়ে তোমার
এক শ্রাবণ পূর্ণিমায়
তুমি আমি আর বৃষ্টি?
নির্জন দ্বীপের মতো একাকী রাত্তির
ময়ূরীর নৃত্যের মতো বৃষ্টি
হৃদয়ের উচ্ছ্বাসের মতো চপল বাতাস
সবুজ পাতার মতো সবাক নৈঃশব্দ
গর্ভবতী নারীর মতো চূর্ণীস্রোত।
মনে পড়ে?
মনে পড়ে তোমার?
তোমার হাত আমার হাতে
মাথা আমার বুকে
মনে পড়ে?
মনে পড়ে তোমার?
মাথার উপর পুঞ্জীভুত মেঘ
সম্মুখে রাতের কোমল স্পর্শ
পদতলে চূর্ণীর উন্মাদনা
কানে টাপুর টুপুর নৃত্য,
আমার অর্দ্ধ উন্মুক্ত বুকে
কি এঁকেছিলে তুমি?
গোলাপ?
অথবা সবুজ এক স্বপ্ন?
সেদিন ছিলো
তোমার স্বপ্নে তিনটি মরুদ্যান
আমার স্বপ্নে তিনটি বীজ।
তোমার কল্পনায় সাতরঙা রামধনু
আমার কল্পনায় তোমার সাত নখের আঁচড়।
তোমার নাভিতে নদী
আমার নাভিতে স্রোত।
তোমার ঊরুদ্বয়ে আগ্নেয় বিস্ফোরণ
আমার ঊরুদ্বয়ে সুনামির জলোচ্ছ্বাস।
আজও
চোখে চোখ রেখে অপেক্ষমান স্মৃতি
বসন্ত বাজায় কাঁসর ঘন্টা
স্বপ্ন দেয় উলুধ্বনি
কারও এক প্রতীক্ষায়।
সে কে মালবিকা?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem