কিসের দুঃখ হে মানুষ? (Why You Suffer) Poem by Arun Maji

কিসের দুঃখ হে মানুষ? (Why You Suffer)

সৃষ্টির কেবল শুরুই আছে,
শেষ নেই।
যাকে আমরা মরণ বলে জানি
তা সত্যিই কি মরণ?

আমার প্রপিতামহের স্বপ্ন
আমার পিতামহের বুকে ছিলো।
আমার পিতামহের স্বপ্ন
আমার বাবার বুকে ছিলো।
আমার বাবার স্বপ্ন
আজ আমার বুকে।

পিতামহ হারিয়ে গেছে
বাবা হারিয়ে গেছে।
কিন্তু তাদের স্বপ্নের সেই বীজ?
আমি তা গেঁথে যাবো
আমার সন্তানের বুকে।

সৃষ্টির স্বপ্ন এমনি করে
যুগযুগান্তর ধরে
আগামীর দিকে ছুটছে।

কে আমি? কে তুমি?
ডাক পিওন।
বিলিয়ে যাচ্ছি সৃষ্টির স্বপ্ন
একে অপরকে।

সৃষ্টির ভাঙা গড়া আছে ঠিকই,
কিন্তু শেষ নেই।
সৃষ্টি অবিনশ্বর।

সূর্য হারিয়ে যাবে
পৃথিবী লুকিয়ে যাবে।
মালবিকাও একদিন
পাখি হয়ে জন্ম নিয়ে
আমার শস্যক্ষেতে খেলা করবে।

হয়তো মালবিকা আমাকে চিনবে
হয়তো বা চিনবে না।

তবুও সৃষ্টির অনন্ত স্বপ্ন
প্রবাহিত হতে থাকবে
যুগ থেকে যুগান্তরে।

হে মানুষ,
কিসের জন্য দুঃখ তোমার?
কিসের জন্য ভয় তোমার?
মরণ? জরা? ব্যাধি?
চিঠি বইতে এসে
পিওনের উর্দিতে এতো মোহগ্রস্ত কেন তুমি?

এ দেহ,
পিওনের উর্দি ছাড়া অন্য কিছু নয়।
তোমার আত্মা পরমাত্মার অংশ।
চিঠি বিলি শেষে তোমার আত্মা
উর্দি ছেড়ে
আবার পরমাত্মার সাথে মিলিয়ে যাবে।

ছেঁড়া অথবা নতুন
তোমার এই উর্দি,
একদিন
পৃথিবীর মাটিতে মিলিয়ে যাবে।

নীল আকাশ সবুজ পৃথিবী
দেখতে দেখতে,
কেবল স্বপ্ন বিলিয়ে যাও হে মানুষ
কেবল স্বপ্ন বিলিয়ে যাও।

দুঃখ কখনো করো না হে মানুষ
দুঃখ কখনো করো না।

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

কিসের দুঃখ হে মানুষ? (Why You Suffer)
Saturday, March 31, 2018
Topic(s) of this poem: birth,death,dream,life
COMMENTS OF THE POEM
Rus Mer 01 April 2018

খুব সুন্দর এপিক স্টাইলে লিখিত কবিতা যা মন কে শীতল পাটির মতো আদর দিয়ে আটকে দিলো।... ১০

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success