ভাই Poem by Madhabi Banerjee

ভাই

ভাইটির নাগাল আমি আর পাই না
যখন ও খুব ছোট
মাঝরাতে দিদিভাই যাব বলে কেঁদে উঠে আমার পাশে এসে ঘুমাতো
বড্ড নেওটা ছিল আমার
গ্রীষ্মের ছুটির নিঝুম দুপুরে
ছাদের চিলে কোঠায় প্রাইজে পাওয়া বিষ্ণু দে রবীন্দ্রনাথ নজরুলের
বইনিয়ে আবৃত্তির আসর বসাতুম
বর্ষায় যখন ঘর বন্দী মা ব্যস্ত গৃহস্থালীর কাটুম কুটুম নিয়ে
বাবা খাতা দেখায় ব্যস্ত
‘আয় দিদি লুডো খেলি'বলে
হাত ধরে বারান্দার কোণায় বসে পড়তো
টিউশনের স্বল্প আয় থেকে পয়সা বাঁচিয়ে ঘুড়ি লাটাই এর আব্দার মেটাতে হতো
হাতে হাত ধরে ‘ মুক্তির মন্দিরে……'কোরাস গাইতুম
ভাইকে মানুষ করার সবার থেকে সেরা করার স্বপ্ন দেখতুম-
কালের নিয়মে জীবনের গতিতে পরিবর্তন হয়েছে অনেক
ভাইটি আমার মান রেখেছে মান রেখেছে সেরা হয়ে
ছোটবেলার স্বপ্নকে বাস্তবে উপহার দিয়েছে
ও অনেক অনেক বড় হয়েছে
এত বড় যে আমি আর ওর নাগাল পাই না।
পাছে আধুনিক জীবনের গোল্লাছুটে ফাঁক থেকে যায়
গ্রামের বাড়িতে আসার কথা ভাবতেও পারেনা
এখন ও আর লুডো খেলে না কবিতা পড়ে না
বড় হয়েছে ভাইটি আমার বড্ড বড়
ওর কাছে ছেলেবেলা এখন অনেক দূরের।
সংসারে সবান্ধবে সুখী আমি তবু প্রতীক্ষায় থাকি
‘এই দিদি আমি ভাল আছিরে' এ ক'টি অক্ষরের।।

Tuesday, January 17, 2017
Topic(s) of this poem: brother
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success