চিঠি Poem by Madhabi Banerjee

চিঠি

চিঠি
মাধবী বন্দ্যোপাধ্যায়


‘আশাকরি তোমার শরীর স্বাস্থ্য ভাল আছে।
সবাইকে নিয়ে কুশলেই আছ।
আমাদের এখানে সব কুশলেই আছে।
অনেকদিন হল তোমার কোনো খবর পাই না।
জান আমাদের রান্নাঘরের চালে অনেকগুলো চালকুমড়ো হয়েছে।
উঠোনের দক্ষিনে আমগাছটা কাটতে হয়েছে।
আমফানে গোড়া নড়ে গিয়ছিল।
লেখার জন্য লিখতে হয় কুশলে আছি
আসলে বেশ কয়েকদিন হল আমার শরীরটা ভাল যাচ্ছে না'।

এরকম করে আজকাল আর কেউ চিঠি লেখে না
আজকাল চলে ‘হোয়াটস আপ' আর ‘মেসেঞ্জার'
তাও কোনো ভাষা নয়
কয়েকটি ইংরাজী অক্ষর।
আমার কাছে তুমি একটি চিঠি লিখ,
তুমি না পারলে পাশের বাড়ির কাউকে দিয়ে লিখিয়ে নিও।
ডাক পিয়ন একটি চিঠি দেবে
তার নির্যাসটাই আলাদা
কেউ চিঠি লেখে না আজকাল
তুমি একটি চিঠি লিখ
একটি চিঠি একটি চিঠি একটি চিঠি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success