ডাক Poem by Diya Mitra

ডাক

ডানাভাঙা পাখির মতো জীবন নিয়ে
পার হচ্ছে দিন
এখন আমার অখণ্ড অবসর
সেই সুযোগে নিত্যদিন
জোরালো হচ্ছে বন্ধন

জানালার পাশে যে ছাতিমগাছটা
সবার আগে যে ফি-বছর মনে করিয়ে দেয় শারদীয়া
সে আজ হেসে বলল, আমাকে তুমি সাজিয়ে দিলে আজ।
খেয়াল হলো, আমি শুকনো ডালপালা ছেঁটেছি আজই ওর;
আমাদের পুকুরের পাশে ঢোলকল্মির ঝোপ কেটে দিয়েছি আজই,
শুনতে পেলাম, কচুরলতিগুলো বলছে,
এবার আমরা বড়ো হবো।
সকল হতাশার শ্বাস ছেড়ে
লাল হলুদ টাইমফুলেরা বলল,
এবার আমাদের দিকে তাকানোর সময় হবে তো নিশ্চয়?
তাদের স্বরে যেন লেগে আছে
কতদিনের পুরনো অভিমান;
ধীর পায়ে যখন ঘরে আসছি, তখন সবুজ পাতার মর্মর ধ্বনিতে তাকিয়ে দেখি
উঠোনের উপরের পেয়ারা গাছটা বলছে,
তোমার জন্যে কতো ফল ফলিয়েছি দ্যাখো,
আমি তার গায়ে হাত দিতেই
কিচকিচ করে উঠলো একদল শালিকের ঝাঁক-
মনে পড়েছে বুঝি এতোদিনে?
বাতাসে বাতসে ভাসে
চিরচেনা ডাক!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success