অভিনয় Poem by Diya Mitra

অভিনয়

ভালো লাগার জন্যে অজুহাত দরকার পড়ে না
অথচ একটা কারণ খুঁজে চলেছি
ভালো থাকার জন্যেও
যে মানুষটা রিটায়ারমেন্টের পর ভালো থাকবে বলে
কতো প্লান করেছিল জীবন জুড়ে
আজ তার স্বপ্ন লুটিয়ে পড়েছে বাস্তবের বধ্যভূমিতে
এখন সে আবার কাজ খুঁজছে
দিনগুজরানোর কাজ
ভালোবেসে যে মেয়েটি পালিয়ে গিয়েছিল পাড়ার সনাতনের হাত ধরে
সে এখন ফিরে এসে দাদাদের সংসারে মুখঝামটা শোনে;
আর বাদলের কথা থাক,
তবুও লেখাপড়ায় ভালো ছিল বলে এবেলা ওবেলা টিউশনিটা আছে।
না, তোমাদের আর কারোর কথা শোনাবো না,
রহিম, মেখলা, শ্রাবণী কারোর কথাই না,
ওদের সকলকে দেখলে
তুমি বুঝতেই পারবে না
ওরা কেউ ভালো নেই;
ওরা সকলেই ভালো আছে।
এই মঞ্চে ওরা ভালো থাকার অভিনয়টা রপ্ত করেছে নিখুঁত!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success